ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতিকরা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন,কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন করতে পারেননি।
শনিবার সন্ধায় সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতি ব্যর্থ হয়েছে বলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।আমরা দিক হারিয়ে ফেলেছি। ছেলে মেয়ের এক সঙ্গে সিসা খাওয়া দেখে গা শিউরে ওঠে। সিসা খাওয়া আমাদের কালচার নয়। সিসা খাওয়া আধুনিকতা নয়। এখান থেকে রক্ষা করতে হবে। এরশাদ বলেন, সংসদে বাংলা ভাষা আমি চালু করেছি। পয়েলা বৈশাখে ছুটি দিয়েছি। সার্কের বাস্তবরূপ দিয়েছি আমি।
আয়োজক সংগঠনের সভাপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর প্রমুখ।




