সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিশ্বজিৎ দাস হত্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য

বিশ্বজিৎ দাস হত্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী ৮ ডিসেম্বর আলোচিত এ মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ অক্টোবর) এই দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে মামলাটির দ্রুত শুনানি করতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পরবর্তীতে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আলোচিত এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট বিচারিক আদালতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠন ছাত্রলীগের মৃত্যুদণ্ড পাওয়া ৮ জন নেতাকর্মীর মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। সেই সঙ্গে ৬ জনকে খালাস দেয়া হয়।

ওই সময় রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের। আর মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। এ ছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনকে। অন্যদিকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

তবে রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছিল। তারা হলেন— খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ