রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর : তোফায়েল

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর : তোফায়েল

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,  ‘আপনারা তো মনে করেন বিএনপির জনপ্রিয়তা বেশি। তাহলে নির্বাচন কেন করবেন না। বলেন, পৃথিবীর সব দেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

শনিবার সন্ধ্যায় ভোলা নতুন বাজারের কবি মোজাম্মেল হক টাউন হলে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, ‘২৪ অক্টোবর সংসদ অধিবেশন শেষ হবে না। নির্বাচনী শিডিউল ঘোষণা পর্যন্ত অধিবেশন চলবে। সংবিধানে আছে, আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। অধিবেশন চলতে বাধা নেই। সংসদে আমার বক্তব্য সব সাংসদ সমর্থন করেছে।’
তিনি বলেন, ‘বিএনপি যতই হুংকার দিক না কেন, ২৪ অক্টোবরের পর কোথাও কিছু করতে পারবে না।’
ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, সদর আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শ্রমিক লীগের সম্পাদক মো. শাহে আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ