ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঘূর্ণিঝড় ‘পাইলিন’ এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহ ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যšত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ।
আবহাওয়াবিদ সানাউল হক ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় ‘পাইলিন’ এর প্রভাব বাংলাদেশে উপর পড়বে না। তবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহ ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। এছাড়া ঢাকাতে দুপুরের দিকে হঠাৎ করে ‘লোকাল সেল ডেভেলপ’ করায় বৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় “পাইলিন” সামান্য উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যায় নাগাদ পুরীর দক্ষিণে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা উপকুল অতিক্রম করতে পারে।




