ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বেতন-বোনাস দিয়ে মুক্তি পেলেন তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার প্রক্রিয়া শুর হলে বিক্ষুদ্ধ শ্রমিকরা তাকে মুক্ত করে দেয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গার্মেন্ট প্রতিনিধিকে নিয়ে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। শ্রমিকরা প্রথমে একটু উত্তেজিত হলেও পরে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়।
এর আগে শনিবার সকাল থেকে প্রায় সহস্রাধিক শ্রমিক দেলোয়ারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বাইরে অবস্থান করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল। এজন্য তারা রাতে কারখানার যন্ত্রপাতি অন্যত্র সরানোও শুরু করেছিল বলে অভিযোগ উঠে। শ্রমিকরা এই খবর পাওয়ার পর খুব সকালে কারখানায় চলে আসে। পরে দেলোয়ার হোসেন কারখানায় আসলে তাকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা। বাড্ডা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে দেলোয়ার জানান, তিনি শ্রমিকদের বেতন- বোনাস দেওয়ার চেষ্টায় আছেন। বিভিন্ন স্থানে টাকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু শ্রমিকরা দেলোয়ার হোসেনের কথায় আশ্বাস রাখতে পারছেন না। তারা বলছেন, দেলোয়ার ওই স্থান ত্যাগ করলে তাদের টাকা পাওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নূরে আলম জানান, এই ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কারখানার সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, আমাদের দাবি না মেনে নিতে দেলওয়ার হোসেন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের খবর দিয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে অস্ত্রধারি সন্ত্রাসীকে মহড়া দিতেও দেখেছি। নাম না প্রকাশ করার শর্তে ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাও বিষয়টি জানতে পেরেছি এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছি।




