রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে যুবক খুন, এলাকাবাসীর অবরোধ

চট্টগ্রামে যুবক খুন, এলাকাবাসীর অবরোধ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বেলাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

এঘটনার জের ধরে শনিবার সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিটি গেইট সংলগ্ন সিডিএ এক নম্বর সড়কের মাথায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক রণি প্রকাশ রইন্যার ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয় বেলাল হোসেন। তাকে এলাকার লোকজন উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বেলাল কালিরহাট লতিফপুর এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

এদিকে বেলালের খুনিদের গ্রেফতারের দাবী করে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকশ এলাকাবাসী সিটি গেইট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে খুনিদের গ্রেফতারের আশ্বাস দেয়ার পর তারা অবরোধ তুলে নেয়।
আকবর শাহ থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। তার পরও সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় খুনিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

তিনি জানান, বেলালের আত্মীয়-স্বজনরা শনিবার বিকালে লাশ নেয়ার জন্য সিটি গেট এলাকায় অবস্থান  নিয়ে বিক্ষোভ করে। তবে এতে যানবাহন চলাচলে কোন সমস্যা হয়নি বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ