ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সংসদ ছাড়া সমঝোতা কীভাবে হবে? সংসদে এসে বিরোধী দলকে সমঝোতার কথা বলতে হবে। সরকার সব জায়গায় সমঝোতার আলোচনায় বসতে প্রস্তুত।
শনিবার সকালে বেসরকারি প্রতিষ্ঠান ‘সুচিন্তা ফাউন্ডেশন’এর আমন্ত্রণে চট্টগ্রাম ক্লাবে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নগরীর এসএফ খালেক রোডস্থ চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়।
এসময় চমকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি যে চমকের কথা বলেছিলাম তা হলো, তরুণদের সাথে ‘রাজনীতি ও তথ্য প্রযুক্তি’ নিয়ে আমার মতবিনিময়। আর এ মতবিনিময় চট্টগ্রামের তরুণদের দিয়েই শুরু হলো।
সভা শেষে তিনি বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন।




