রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তরুণ প্রজন্মের ভোটারদের প্রধান দুই দলের মধ্যে তুলনা করে ভোট দিতে আহ্বান...

তরুণ প্রজন্মের ভোটারদের প্রধান দুই দলের মধ্যে তুলনা করে ভোট দিতে আহ্বান জানিয়েছেন জয়

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের ভোটারদের প্রধান দুই দলের মধ্যে তুলনা করে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘শুধু দুই দলের কথা না বলে দলগুলোর মধ্যে তুলনা করুন। আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভোট দিন।’

শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে জয় এসব কথা বলেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামের একটি সংগঠন ‘লেটস টক’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জয় মেধাবী ও যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি তরুণদের সঙ্গে আলোচনায় দেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, রূপকল্প-২০২১, তরুণদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

গতকাল রাজধানীতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন জয়। সেখানে তিনি ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করতে আবার আওয়ামী লীগকে সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান। আজ চট্টগ্রামে আবারও বিপ্লবের প্রসঙ্গ তুলে জয় বলেন, ‘স্বাধীনতার পর যে বিপ্লবকে থামিয়ে দেয়া হয়েছিল, সেই অসমাপ্ত বিপ্লব আবারও শুরু হয়েছে। বাংলাদেশকে এত দিন “ফেইলর স্টেট” বলা হতো, এখন বলা হচ্ছে “নেক্সট ইলেভেন”, “রাইজিং স্টার”।’

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার আর হবে না, উল্লেখ করে জয় বলেন, ‘যদি একজন যুদ্ধাপরাধীরও চূড়ান্ত রায় হয়, সেই রায় আওয়ামী লীগ বাস্তবায়ন করে যাবে। তবে মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সেই বিচার আর হবে না।’

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশে লবিস্ট হিসেবে ব্যবহার করা যায় কি না, এমন এক প্রশ্নের জবাবে জয় বলেন, ইউনূসকে লবিস্ট হতে অনুরোধ করলে তিনি রাজি হবেন কি না, সেটা তার জানা নেই। দেশের গুরুত্বপূর্ণ কোনো ঘটনায় ইউনূস কোনো বক্তব্য দেননি বলে মন্তব্য করেন জয়।

আরও পড়ুন

সর্বশেষ