ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আওয়ামী লীগ ধর্মের নামে কোনো ব্যবসা করে না। ইসলামের সেবা প্রকৃতপক্ষে আওয়ামী লীগই করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে গণভবনে তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়কালে সূচনা বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দেশ চলবে সাংবিধানিকভাবে। গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা সংবিধান সংশোধন করেছি।
বিএনপি-জামায়াত ইসলামের নামে রাজনীতি করে। তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনগণের সম্পদ রক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ রক্ষা ও তাদের কল্যাণে আওয়ামী লীগই কাজ করে। বিএনপি ক্ষমতায় এলে তারা জনগণের সম্পদ বিকিয়ে দেয়। ওরা ক্ষমতায় থাকলে জনগণের সম্পদ লুট করে।
এদিন প্রধানমন্ত্রী বরিশাল মহানগর, বরিশাল জেলা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ, হবিগঞ্জ জেলা ও জেলার বিভিন্ন থানা, উপজেলা ও ১ম শ্রেণির পৌর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।




