ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
দেশের চলমান রাজনৈতিক সংকটময় সার্বিক পরিস্থিতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে চিঠি দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকেও চিঠি দেয়া হতে পারে।
দলীয় সূত্র জানায়, চিঠিতে গত এক মাসের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকারের মনোভাব তুলে ধরা হবে। জাতিসংঘ মহাসচিবের টেলিফোন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর চিঠির পর মন্ত্রী এবং সরকারি দলের নেতাদের বক্তব্যের সারমর্মও তুলে ধরা হবে।
এর আগে ‘এ মুহূর্তে সরকারের মনোভাব কী এবং বিএনপির করণীয় কী হবে’-তা নিয়েও সিনিয়র নেতাদের মতামত নেন খালেদা জিয়া।
বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, রাজনৈতিক অচলাবস্থার কারণে অন্য কেউ সুযোগ নিক, তা বিএনপি কোনোভাবেই চায় না। তা ছাড়া বিভিন্ন জরিপ বলছে, নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। তাই সেই সুযোগ তারা নষ্ট করতে চায় না।
সাম্প্রতিক সময়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিএনপির সঙ্গে কথা বলেছেন।




