বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
দেশে বিদেশে সাকিবের অগণিত ভক্ত রয়েছে আগে থেকেই। ক্রিকেটের এই রাজপুত্র এবার তার বিশেষ একজন ভক্ত পেলেন। সে ভক্ত যেনতেন কেউ নন— স্বয়ং প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়! শুক্রবার সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত সম্মেলনে জয় বলেন, “আমি সাকিবের একজন ভক্ত। সাকিবের খেলা অসাধারণ লাগে আমার কাছে।”
সুচিন্তা কর্তৃক ‘রূপকল্প ২০২১: গত পাঁচ বছরের অর্জন, আগামী পাঁচ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জয়।
উক্ত অনুষ্ঠানে জয় আরো বলেন, ক্রিকেটে আমরা বিজয়ী হয়েছি, সেজন্য সাকিব ও তার দলকে ধন্যবাদ। এ সময় সাকিব হাসি মুখে জয়ের ধন্যবাদ গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে ‘সাকিব ভাই’ সম্বোধন করেও বিশেষ ধন্যবাদ জানান জয়।
এ সময় সাকিব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা খুবই ভালো পারফর্ম করছি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানে আমরা দেশ জাতিকে আরো ভাল কিছু উপহার দিতে পারব বলে আশা করি। এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করছি।
সাকিব তার বক্তব্যে ক্রিকেটের বাইরে রাজনীতির বিষয় নিয়ে কোনো কথা বলেননি। তারপরও অনেকের ধারণা বাংলাদেশের রাজনীতির মাঠে প্রবেশ করেছেন জনপ্রিয় ক্রিকেটার, জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, সাংবাদিক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউটনের সম্পাদক জাফর সোবহান, অধ্যাপক সাদেকা হালিম, জয়ের খালাত ভাই ও শেখ রেহনার ছেলে রেজোয়ান সিদ্দিকী ববী, ব্যান্ডশিল্পী মাকসুদুল হক প্রমূখ।




