ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলীর নেতৃত্বে দেশটির অলপার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জানিয়েছেন, সংলাপে বসার জন্য তার দল প্রস্তুত। সংলাপের ব্যাপারে নানা মহল থেকে আহ্বান জানানো হলেও সরকার এখনো সাড়া দেয়নি। দেশের চলমান রাজনৈতক সংকট নিরসনে এখনও সংলাপের পরিবেশ তৈরি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সফররত বৃটিশ সংসদীয় প্রতিনিধি দল।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রুশানারা আলীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্ম পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে রুশানারা আলী সাংবাদিকদের বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের অংশ গ্রহণ জরুরী। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন। সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ৭টা পর্যন্ত। তিনি বলেন, বৃটিশ সরকার চায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।
দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৈঠক সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, বৃটিশ সংসদীয় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছে। বিএনপি সব সময় সংলাপের জন্য প্রস্তুত। এ বিষয়ে বিএনপির অবস্থান তাদের কাছে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা সংলাপের জন্য রাজি আছি। তবে সরকারকে উদ্যোগ নিতে হবে।
শমসের মবিন চৌধুরী দাবি করেন, সংলাপের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সরকার এখনও সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আজ পরিবেশ সৃষ্টি হলে। কালই আমরা সংলাপে বসতে পারি। বৈঠকে প্রতিনিধি দলের অন্যদের মধ্যে এনি মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জনাথান রিওনল্ডস, শাবানা মাহামুদ ছাড়াও ঢাকায় নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। গত বুধবার ব্যক্তিগত সফরে ঢাকা আসেন বৃটিশ এমপি রুশনারা আলী।




