রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বরিশালে বজ্রপাতে ২০ ছাত্রী আহত

বরিশালে বজ্রপাতে ২০ ছাত্রী আহত

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে একটি স্কুলের অন্তত ২০ ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। আহতদের উপজেলা হাসপাতাল ও বরিশালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ছাত্রীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভারি বর্ষণ শুরু হয়। প্রবল ভারী বর্ষণের সময় স্কুলের ছাদের উপরে আকস্মিক বজ্রপাত হয়। এসময় ক্লাসে অবস্থান করা ও স্কুলের বারান্দায় থাকা ছাত্রীরা বজ্রপাতে আহত হয়।

বজ্রপাতের সময় পুরো স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার, জয়ীটা চক্রবর্তী, সুবর্না বালা, মনি আক্তার, সোনিয়া আক্তার, ববিতা মল্লিক, লিপি আক্তার, প্রিয়াংকা বৈষ্ণব, সোনিয়া আক্তার, জুঁই হালদার, সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা সরকার, নিপু মণ্ডল, অষ্টম শ্রেণীর ছাত্রী মমি, দশম শ্রেণীর ছাত্রী রীনা আক্তারসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত প্রিয়াংকা সরকার ও জুঁই হালদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ