চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন,‘ড.ইউনূস গ্রামীণ ব্যাংকের দায়িত্বে থাকার সময়ে নানা উপলক্ষে বিদেশ গিয়েছেন। বিদেশ থেকে তিনি সম্মানী, পুরস্কার ও রয়্যালিটি বাবদ ৫০কোটি ৬১লাখ ৮১হাজার ৫৮৮ টাকা আয় করেছেন। এজন্য তিনি মোট ১২ কোটি ৬৫ লাখ ৪৬হাজার ৩৯৭ টাকা আয়কর অব্যাহতি নিয়েছেন।’
গোলাম হোসেন বলেন, তিনি যেহেতু সরকারি কর্মকর্তা তাই বিদেশ যাওয়ার আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমতি নেয়া প্রয়োজন। কিন্তু তা তিনি নেননি।
এখন দেখার বিষয় ড.ইউনুস বিদেশ থেকে যে টাকা এনেছেন তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন কিনা। যদি অনুমতি নিয়ে থাকেন তাহলে আয়কর অব্যাহতি বৈধ আর অনুমতি না নিলে অবৈধ।
কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সরকারি কোন কর্মকর্তা ৫০০ টাকার বেশি কোন উপহার গ্রহণ করতে পারবেন না। এর বেশি নিতে হলে সরকারি অনুমতির প্রয়োজন হয়।
‘এক্ষেত্রে যদি কেউ উপহার দাতাকে সম্মান দেখাতে চান সেক্ষেত্রে উপহার নিয়ে তার সরকারি কোষাগারে জমা দিতে হবে।’
চট্টগ্রাম বন্ড কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক, রপ্তানি, বন্ড ও আইটি) মো.নাছির উদ্দিন ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ফিরোজ শাহ আলম বক্তব্য রাখেন।




