রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়একনেকে ৬৭২০ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

একনেকে ৬৭২০ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

৬ হাজার ৭২০ কোটি টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বেতে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় ৬ হাজার ৭২০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পে ব্যয়ের পুরোটাই সরকারের তহবিল থেকে মেটানো হবে।
প্রকল্পগুলো হলো- বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়), ৬২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টস স্থাপন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন, সাইট্রাস ডেভেলপমেন্ট, বর্নি বাওড় উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন), কুমিল্লা শহরের শাসন গাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ, ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ, রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কের ৩২তম কিলোমিটারে আমুয়া বিশখালী নদীর ওপর ২১৭.৬৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ ও বৃহত্তর ময়মনসিংহ জেলায় দু’টি সড়ক উন্নয়ন।
তিনি আরো জানান, বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের ১৭৫ কোটি টাকা সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই প্রকল্পের টাকায় ১৫৬টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় এসব আশ্রয়কেন্দ্র নির্মিত হবে।
‘৬২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টস স্থাপন’ নামের অপর একটি প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধিত এ প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ৬ হাজার ১২৩ কোটি টাকা। এই ব্যয় অনুমোদিত মূল প্রকল্প ব্যয়ের তুলনায় ৮২৬ কোটি টাকা বা ১২ ভাগ কম।
সভায় ‘সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন’ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা যা সরকারি তহবিল থেকে মেটানো হবে।
অনুমোদিত ‘সাইট্রাস ডেভেলপমেন্ট’ প্রকল্পের ব্যয় ৪২ কোটি ও ‘বর্নি বাওড় উন্নয়ন প্রকল্পে ৬৫ কোটি টাকা, ‘কুমিল্লা শহরের শাসন গাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ’ প্রকল্পে ৫২ কোটি টাকা ও ‘ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ’ প্রকল্পে ৭৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
‘রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কের ৩২তম কিলোমিটারে আমুয়া বিশখালী নদীর ওপর ২১৭.৬৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা।
‘বৃহত্তর ময়মনসিংহ জেলায় দু’টি সড়ক উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা।
সভায় অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেকের অন্য সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ