সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে সচেতন যুব সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করেন খুলনার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এসময় বক্তৃতা করেন, মো. কবির হোসেন, রাম প্রসাদ হালদার, ওবায়দুর রহমান, অরুণ, অঞ্জন, অনন্ত, চিরঞ্জীব, পরিতোষ, হাফিজ, প্রভাত, পলাশ, তৌহিদুল ইসলাম কচি, শংকর গুপ্ত, ইমরান, জাকির, ইয়াছিন, রমেন পোদ্দার, কিংকর রায়, রিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির প্রজ্ঞাপনে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কিন্তু যখন এই নিয়ম চালু করা হয় তখন একজন শিক্ষার্থী দু’বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স শেষ করে আবেদন করতে পারতেন। কিন্তু এখন ডিগ্রি পাস কোর্সের মেয়াদ তিন বছর করা হয়েছে। সম্মান চার বছরের।
তারা বলেন, সেশনজটের কারণে বাস্তবে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করতে ২৮ থেকে ২৯ বছর সময় লেগে যায়। এসব বিষয় বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর বাড়ানো উচিত।
একই বক্তারা সঙ্গে সকল নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়া, সব ধরনের ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার মওকুফ করা, মেধা ভিত্তিক নিয়োগ করা ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান তারা।
এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখবেন বলে মানববন্ধনে ঘোষণা দেন।




