গার্মেন্টে কর্মরত নারী শ্রমিকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমেদ শফীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকরা।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আট হাজার টাকা মজুরি ও গার্মেন্ট’র নারী শ্রমিকদের গৃহবন্দি করার ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ‘মৌলবাদী চক্র শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে ফতোয়া দিচ্ছে।’
তিনি বলেন ‘তেঁতুল হুজুর’ মাওলানা শফি বলেছেন, ‘গার্মেন্ট শ্রমিকরা নাকি নানা অসামাজিক কর্মকাণ্ড করে জীবিকা অর্জন করে। অথচ এদেশের শতকরা ৮০ ভাগ বৈদেশিক মুদ্রা আসে এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে।’
তিনি মৌলবাদী চক্রের গার্মেন্ট শ্রমিকদের গৃহবন্দি করার চক্রান্তকে রুখে দেওয়ার আহ্বান জানান।
শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়ে মেনন বলেন, ‘শ্রমিকদের এ লড়াই রুটি, রুজি ও ইজ্জতের। তাই সামনে এগোতে হলে সবাইকে আন্দোলন করেই এগোতে হবে।
সে সব গার্মেন্ট মালিক শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা দেবেন না তাদের তৈরী পোশাক বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান মেনন।
সমাবেশে গার্মেন্ট শ্রমিকরা নূন্যতম মজুরি আট হাজার টাকা, গণতান্ত্রিক সম-আইন প্রণয়ন, জিএসপি সুবিধা পূর্ণবহালের দাবি জানান।
সমাবেশে শেষে একটি লাল পতাকা মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেড়ারেশনসহ ছয়টি গার্মেন্ট শ্রমিক সংগঠন সমাবেশ ও লাল পতাকা মিছিলের আয়োজন করে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহাম্মদ, একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশেনের সভাপতি কফিল উদ্দিন আহাম্মেদ, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন প্রমুখ।




