ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মঙ্গলবার কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যের অস্ত্র আটকের ঘটনা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে সারাদিন উত্তেজনা বিরাজ করে। বিজিবি ও বিএসএফ সদস্যরা ভারী অস্ত্রসহ সীমান্তে অবস্থান নেয়। পরে বিকেল ৪টায় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্রটি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকাল ৭টায় সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির যশপুর একবালিয়া সীমান্তের যাত্রাখিল গ্রামের ২০৮৮ নং পিলারের ২০০ গজ বাংলাদেশের ভিতরে এক বিএসএফ সদস্যের এসএলআর অস্ত্রটি বিজিবি সদস্যরা আটক করে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সকালেই কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়। বিকেল ৪ টায় মথুরাপুর বিওপির যশপুর একবালিয়া সীমান্তে যাত্রাখিল গ্রামের ২০৮৮ নং পিলার সংলগ্ন বাংলাদেশ এলাকায় উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মামুন আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই বিজিবি সদস্যরা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করে। অস্ত্রটি পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।




