চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদারদের চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার আহবান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। জাতির দুঃসময়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন-সংগ্রামে সামিল হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেছেন, জাতি আজ দু’ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি। এখনই সিদ্ধান্ত নিতে হবে জনগণ কোন পক্ষে যাবেন? প্রগতির না দুর্গতির পক্ষে?
বক্তারা বলেন, ইতোমধ্যে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে এবং জামায়াত নিষিদ্ধ হলে পুরো বাংলাদেশ আরো একটি কলঙ্ক থেকে-পাপ থেকে মুক্তি পাবে। যুদ্ধাপরাধীদের দল পৃথিবীর কোথাও রাজনীতি করার অধিকার নেই। শুধু বাংলাদেশে সম্ভব হয়েছে কতিপয় কুলাঙ্গারের আপোষকামীতার কারণে। এবার তাদের সমূলে উৎপাটন করা না গেলে এর মাশুল গুণতে হবে পুরো জাতিকে।
দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা উপর্যুক্ত আহবান জানান। সংগঠনের জেলা আহবায়ক সীমান্ত তালুকদারের সভাপতিত্বে ও জেলা নেতা অলীদ চৌধুরীর সঞ্চালনে গতকাল মঙ্গলবার নগরীর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি, নির্মূল কমিটি জেলা নেতা মো. এসকান্দর, লায়ন মহিউদ্দীন সোহেল, মাহবুবুল আলম পাভেল, জাবেদুল আলম শিপন, গোলাম রাব্বানী নবীন, নাজমুল আলম খান, শিবলী নোমান চৌধুরী, মাউসুফ উদ্দীন মাসুম, মোস্তফা আমীরী, হাসান মো. ইমতিয়াজ, প্রকৃত চৌধুরী ছোটন, কিষাণ সাহা, নিখিলেষ সরকার রাজ, মহিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, অভি চৌধুরী, রাহুল চৌধুরী, মো. জিহাদ, জাকারিয়া মাসুদ রোহান, শুফল দাশ শুভ, রাসেল দে, রেজাউল ইসলাম লিংকন, রাজন বিশ্বাস, মো. ইকবাল, সুষ্ময় সিনহা, জাকির হোসেন জামিল, মো. দিদার, রুবেল মহাজন, বাবলু হোসেন, মহসিন হোসেন, সঞ্জয় সিনহা, রনী দাশ, হিমেল মহাজন, বিজন দে প্রমুখ।
সমাবেশের পূর্বে প্রেস ক্লাব চত্বরে গণজমায়েতে সমবেত হন নির্মূল কমিটির নেতা-কর্মীরা। এরপর মিছিল নিয়ে জামাল খান হয়ে চেরাগীপাহাড় থেকে আন্দরকিল্লা মোড় হয়ে পুনরায় জামাল খান এসে সমাবেশ করে সংগঠনটি।
এদিকে, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রেস ক্লাব চত্বরে একই কর্মসূচি পালনে সংগঠনের নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের জনসাধারণকে সমবেত হওয়ার আহবান জানানো হয়েছে।




