সিলেটে হানিফ পরিবহনের বাসে ভাংচৃর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট চলেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘটের কারণে সিলেটের কদমতলি টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে আগে থেকে টিকিট কিনে রাখলেও টার্মিনালে গিয়ে কোনো বাস পাননি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার রয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা। ফলে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষার্থীরা আগে থেকে টিকিট কেটে রাখলেও ধর্মঘটের কারণে আজ টার্মিনালে গিয়ে কোনো বাস পাননি।
বুধবার রাতে বুধবার আন্তঃজেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বলে জানিয়েছেন সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে হানিফ পরিবহনের বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে এবং হানিফের বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দুর্ঘটনায় নিহতরা হলেন- লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আবদুস শহিদ(২৭) ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুছ আলী (৩০)।




