রাজধানীর চকবাজারের পোস্তার চামড়াপট্টি এলাকায় একটি বাড়িতে চুলা জ্বালাতে গিয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ২২ সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি জানান। দগ্ধরা হলেন, রেজাউল করিম (২৫), তার স্ত্রী রানী (২৩) ও সন্তান আনিতা (৩) ও সানজিদা (২)। বাচ্চু মিয়া জানান, ২১ সেপ্টেম্বর দিনগত রাতে পোস্তার চামড়াপট্টিতে একটি টিনশেড বাসায় রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ বাবা-মা দগ্ধ হন। পরে তাদের ওই বাসার কেয়ারটেকার উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে দগ্ধ সবাই চিকিৎসাধীন। শিশু সানজিদার ৪৭ শরীরের শতাংশ, শিশু আনিতার ২৬ শতাংশ, রানীর ২৬ এবং রেজাউলের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে জানা যায়।



