দেশে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রগতি ইন্ডাস্ট্রিজে তৈরি হতো পাজেরোসহ বিভিন্ন ধরনের জিপ, বাস ও ট্রাক। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এসব গাড়ি বানানো হতো চট্টগ্রামের বাড়বকু-ে অবস্থিত এ কারখানায়। বেসরকারি উদ্যোগে আফতাব অটোমোবাইলসে যাত্রীবাহী বাস ও জিপ সংযোজন করা হতো। স্বাধীনতার ৪৪ বছর পর আগামী বছরের শুরুতেই বেসরকারি উদ্যোগে দেশে তৈরি প্রথম সেডান ‘কার’ চলবে বাংলাদেশের রাজপথে। ৪০০ কোটি টাকা ব্যয়ে প্রথম এ কার কারখানাটি প্রতিষ্ঠা করছে দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি পরিবার। শুরুর দিকে প্রতি বছর এ কারখানায় তৈরি হবে ১২০০টি সেডান কার। চট্টগ্রামের আনোয়ারায় ৩০ একর জমির ওপর স্থাপিত এ কারখানায় ৫০ জন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন’ ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠানের সঙ্গে গত ২৬ মার্চ বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গরে প্রোটন সেন্টার অব এক্সেলেন্স কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রোটনের সিইও দাতো আবদুল হারিথ আবদুল্লাহ ও পিএইচপি বোর্ড অব ম্যানেজমেন্টের ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের চেয়ারম্যান ডা. মাহাথির মোহাম্মদ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ চৌধুরী হিরু, পরিচালক জহিরুল ইসলাম রিংকু প্রমুখ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দাতো আবদুল হারিথ আবদুল্লাহ বলেন, বাংলাদেশে প্রোটন গাড়ি সংযোজিত হবে প্রোটনের আন্তর্জাতিক বৈশিষ্ট্য ও মান অনুযায়ী। বাংলাদেশে স্থাপিত প্রথম কারখানার নির্মিত গাড়ির মান নিশ্চিত করার পরই পিএইচপিকে লাইসেন্স দেওয়া হবে প্রোটনের। বাংলাদেশে নির্মিত প্রোটন সেডান কারের নামকরণ হবে ‘প্রোটন পিএইচপি’। বিশ্ববিখ্যাত টয়োটা রিকন্ডিশন্ড কারের তুলনায় নতুন প্রোটন পিএইচপির মূল্য কম হবে। জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। সম্পূর্ণ নতুন গাড়ি বলে প্রতি বছর রিকন্ডিশন্ড গাড়ির মতো ফিটনেস লাগবে না, ৫ বছর পর এর ফিটনেস করাতে হবে। এতে হয়রানি কমবে, টাকাও সাশ্রয় হবে।
এ প্রসঙ্গে পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, ২৫ হাজার কিলোমিটারের মধ্যে চলার পর কোনো গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যেই সেই কার আমরা মেরামতের ব্যবস্থা করে দেব বিনা খরচে। দেশের ৬ জেলায় ৬টি শোরুমের পাশাপাশি থাকবে সার্ভিস সেন্টারও। ফলে যন্ত্রাংশও হবে সহজলভ্য। পিএইচপি পরিবারের সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরু বলেন, বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিন ব্যবহৃত হবে প্রোটন প্রিভে সিরিজের এসব কারে। এতে ভ্রমণ হবে আরামদায়ক। গাড়ি চালানো যাবে অটো ও ম্যানুয়াল দুভাবেই। দেশের যে কোনো জায়গায় যে কোনো গ্যারেজে টয়োটার মতো প্রোটনও মেরামত করা যাবে। বহুজাতিক শিপিং কোম্পানির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম দিয়ে প্রতি বছর জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৪-১৫ হাজার নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি দেশে আসে। এর মধ্যে ৬৫-৭০ শতাংশই হলো রিকন্ডিশন্ড সেডান কার।
১৯৮৫ সালে প্রোটন সাগা দিয়ে সেডান কারের যাত্রা শুরু হয়েছিল মালয়েশিয়ায়। সেই বছর ৪ কোটি মানুষের দেশ মালয়েশিয়ায় এ ব্র্যান্ডের গাড়ি বিক্রি হয়েছিল ১৩ হাজার। পরের বছর এ কারের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বিক্রি বেড়ে দাঁড়ায় ৬ গুণেরও বেশি ৮৩ হাজার। বর্তমানে যুক্তরাজ্য থেকে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও এশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুযায়ী গাড়ি নির্মাণ করে থাকে প্রোটন।



