রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ির দিপিকা মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় ওয়াশিকুর রহমান বাবু (৩০) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহতের পিতার নাম টিপু সুলতান। তারা শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই হুমায়ুন কবির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তরা ওয়াশিকুরকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পাঁচ থেকে ছয়জন যুবক চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে ওয়াশিকুরকে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হামলা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হামলাকারীদের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই শাহিদা জানান, ওয়াশিকুর রহমান একজন ব্লগার। তিনি ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আটককৃতদের একজনের নাম জিকির। অন্যজনের নাম জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



