বাংলাদেশ থেকে রিটেইল ও ক্রেডিট কার্ড ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণার পর চরম অনিশ্চয়তা ও ক্ষতিপূরণ নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কর্মীরা। বঞ্চনার হাত থেকে রক্ষা ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজ কালো পোশাক পড়ে অফিসে যোগ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকটির কারওয়ান বাজার ও নিকূঞ্জ কার্যালয়ের রিটেইল ব্যাংকিংয়ের কর্মকর্তারা।
সম্প্রতি বাংলাদেশ থেকে এইচএসবিসি ব্যাংকের রিটেইল ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় সেখানকার চাকরিচ্যুত কর্মকর্তারা যথাযথ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তোলেন। সেই তিক্ত অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল বিভাগের প্রায় ৫৫০ কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে ব্যাংকটির রিটেইল কার্যক্রম অধিগ্রহণের বিষয়ে পূবালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মতো দেশীয় ব্যাংকগুলোর সাথে আলোচনা চলছে। এর আগে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকও প্রাথমিক আলোচনা করেছিল। তবে অধিগ্রহণকারী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের তুলনামূলক উচ্চবেতনের কর্মীদের চাকরি বজায় রাখবে কি না, বা আদৌ তাদের রাখবে কি না, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
এর আগে গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে ব্যাংকটি ব্যবসা বিক্রির এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগার কথা জানিয়েছে।
তবে চাকরিচ্যুত বা স্থানান্তরিত হলে তারা আন্তর্জাতিক মান অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন কি না – সেটি নিয়েই মূল উদ্বেগ কর্মীদের। ন্যায্য দাবি আদায় এবং নিজেদের অধিকার সুরক্ষার বার্তা দিতেই আজ কালো পোশাক পরে নীরব প্রতিবাদে অংশ নেন কারওয়ান বাজার ও নিকুঞ্জ শাখার রিটেইল কর্মীরা।




