রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআ'লীগ ক্ষমতায় থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল...

আ’লীগ ক্ষমতায় থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ১০ দিনব্যাপী ‘অকুতোভয় দেশনায়ক উৎসব’ এর শেষ দিন ২১ নভেম্বর  বিকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত বছরের নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি- এই তিন মাসে এ সরকার বিএনপির ৩১০ জন নেতাকর্মীকে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করেছে। এরা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না।  তাই এই সরকারের বিরুদ্ধে এমনভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং রাজপথ দখল করতে হবে যাতে তারা নির্বাচন দিতে বাধ্য হয়, বলেন তিনি।  সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়ে দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে তারা দু’ভাবে বিভক্ত করেছেন। একভাগে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষের শক্তি। অন্যভাগে আধিপত্যবাদের শক্তি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রের সব দরজা একেবারে বন্ধ করে দেবেন না। এর পরিণতি হবে ভয়াবহ। অতীতে আপনাদেরকে যেভাবে মূল্য দিতে হয়েছে ভবিষ্যতেও সেভাবেই মূল্য দিতে হবে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ছাত্রলীগ-ছাত্রলীগ মারামারি করে মরছে। গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এর আগেও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে বন্ধ হয়ে গেছে।  সজীব ওয়াজেদ জয়ের বেতন-ভাতা নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে তিনি বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী ধর্মের ওপর আঘাত দিয়ে কথা বলার পাশাপাশি আরেকটি তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি বলেন, জয়কে প্রতিমাসে ২ লাখ ডলার বেতন দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ষাট লাখ টাকা।

ফখরুল বলেন, আমরা সরকারের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। কিন্তু এ ব্যাপারে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। গতকাল একটা প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, জয়কে অবৈতনিক উপদেষ্টা নিয়োগ করা হলো।  তিনি বলেন, টাকা-পয়সা সব দিয়ে ফেলে এখন তাকে (জয়) অবৈতনিক ঘোষণা করা হচ্ছে। বাঙালি জাতি এত বড় বোকা না যে, তারা এই প্রতারণা বুঝতে পারবে না। তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি কেবল বগুড়ার গর্ব নন, বাংলাদেশ তো বটেই, সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের সবচেয়ে প্রিয় নেতা। তিনি আধুনিক বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। তিনি তার বাবার মতো রাজনীতির নতুন এক দর্শন দাঁড় করানোর চেষ্টা করেছেন।

যারা বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন তারাই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অভিযোগ তুলে তিনি বলেন, ১/১১ এর সরকার কেবল তাকে (তারেক রহমানকে) গ্রেপ্তারই করেনি। তার ওপর অকথ্য নির্যাতন করেছে। সেই নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এ স্বৈরাচার সরকারকে হটিয়ে তারেক রহমানকে দেশে আনার পরিবেশ সৃষ্টি করতে হবে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে স্থানীয় নেতাদের নিয়ে কেক কাটেন মিজা ফখরুল ইসলাম আলমগীর। এর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা শিল্পীরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ