ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
জেনারেল জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলে খালেদা মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী জেনারেল জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি হলে তিনি ১৯৭১ এর ১৭ এপ্রিল গঠিত বঙ্গবন্ধুর সরকারের অধীনে মেজর পদে চাকরি করলেন কি করে।
খালেদার ওই বক্তব্যকে নজিরবিহীন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী রাজনীতিতে ভুল করেছেন। তাই এ ধরণের মিথ্যাচার করা ছাড়া উনার আর কোনো রাস্তা নেই। তিনি বিএনপি চেয়ারপার্সনকে মিথ্যাচার ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, আপনি জাতির কাছে মাফ চান, মনে রাখবেন ইতিহাসকে হত্যা করে বা নির্বাসনে পাঠিয়ে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারেনি। এ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, জেনারেল জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক দাবি করেন তাদের মনে রাখা উচিৎ একজন মেজরের ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলগতভাবে জামায়াত ইসলামী যুদ্ধাপরাধ করেছে। সুতরাং এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। অচিরেই এই দলটিকে নিষিদ্ধ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিনসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




