ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। তার আগে আগত সাংবাদিকদের বাসায় বসিয়ে রাখেন তিনি ।আর তার এই আচারণে নতুন নাটকের জন্ম হয়েছে জাতীয় পার্টিকে ঘিরে । জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে তার বাসায় প্রতিক্রিয়া নিতে যান বেশ কয়েকজন সাংবাদিক। নির্বাচনের বিষয়ে দলের অবস্থান জানতে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তিনি তাদের বসতে বলে ভতরে চলে যান । কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বলেন, ‘আমি দলের সঙ্গে কথা বলে তারপর তোমাদের সঙ্গে কথা বলব।’
এরপর তিনি আবার ভেতরে চলে যান। বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রুহুল আমীন হাওলাদারের ব্যক্তিগত সহকারী ইউনুস হাওলাদার বলেন, স্যার বাসা থেকে বেরিয়ে গেছেন। তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন না। পরে জানা যায় তিনি বাসার পিছন দিয়ে বাইরে চলে গেছেন। সকালের দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান তারা রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছেন।
এর আগের দিন অপর প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের জানিয়েছিলেন দলের চেয়ারম্যান নির্বাচনে না যাওয়ার বিষয়ে অনড়। জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। তবে বেশ কয়েকদিন ধরে রহস্যজনকভাবে কোন কথা বলছেন না দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির নেতাদের এমন অবস্থানে দেশজুড়ে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। এমন অবস্থায় দলের তৃণমুলের নেতাকর্মীরাও দিকভ্রান্ত অবস্থায় আছেন।




