চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
ফুলে ফুলে সুশোভিত হলেন বাংলাদেশ আওয়ামীলীগের নব-নিযুক্ত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে তিনি পৌঁছালে সর্বস্তরের জনতা ফুল দিয়ে তাঁকে বরণ করেন। বিমান বন্দর এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়। জনতার প্রচন্ড ভিড়ে আইন-শৃঙ্খলা বাহিনীও হিমশিম খায়। পুরো এলাকা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে। আনন্দে উদ্বেলিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও নব-উদ্ভাসিত জনতার সাথে মিশে একাকার হয়ে যায়। এ সময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সম্মানিত করেছেন। আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করার জন্য এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র দোয়ায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিতে নিযুক্ত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাবেদ বঙ্গভবনে দেখা করতে গেলে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিযুক্ত করা হয়েছে বলে জানানো হয়। এর পর থেকে আনোয়ারার পশ্চিম পটিয়া আসনে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দে উদ্ভাসিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাবেদকে শ্রদ্ধা ও বরণ করতে চট্টগ্রাম বিমান বন্দরে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, আখতারুজ্জামান বাবু’র ফাউন্ডেশন, আখতারুজ্জামান স্মৃতি সংসদ নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকের সমাগম ঘটে। তিনি বিকেল ৪টায় বিমান বন্দরে পৌঁছলে জনতা আবেগে আপ্লুত কন্ঠে স্লোগানে প্রকম্পিত করে এবং সর্বস্তরের জনতা পুষ্প ছিটিয়ে বরণের পর তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ৫শ মোটর সাইকেলসহ বিশাল গাড়ি বহর নিয়ে বিমান বন্দর থেকে চট্টগ্রাম সার্সন রোডস্থ বাসায় পৌঁছেন।তাঁর বাসভবনে জেলা উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একে-একে পুষ্প দিয়ে নব-নিযুক্ত কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদকে অভিনন্দন জানান। জাবেদ রাতেই চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ এবিএম মহিউদ্দীন চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান। শুক্রবার হাইলধরস্থ নিজ বাড়িতে তাঁর বাবার কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, সার্সন রোডস্থ বাসা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
এদিকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আগামী দিনে তাঁর সাফল্য কামনা করেন। এছাড়া,আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান পটিয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী এবং পটিয়া উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা দেবব্রত দাশ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাকিল মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, পটিয়া পল্লী বিদ্যুতের পরিচালক আলমগীর খালেদ, আওয়ামীলীগ নেতা আবু ছালেহ প্রমুখ। নেতৃবৃন্দ সাইফুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য করায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ আশা করেন জনাব সাইফুজ্জামান দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আগামীতে আরো শক্তিশালী করবেন।




