ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর শাহবাগে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিসংযোগ হয়েছে, যাতে দগ্ধ হয়েছেন ১৯ জন আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় মৎস্য ভবনের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের যাত্রীভর্তি বাসটিতে পেট্রল বোমা ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। আগ্নিদগ্ধ ১৯ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; এদের মধ্যে ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, পুলিশ সদস্যও রয়েছেন।
হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দেহের ৯০ শতাংশ পুড়েছে এমন ব্যক্তিও রয়েছেন, সবচেয়ে কম আহত যিনি তার দেহেরও ১৫ শতাংশ পুড়েছে। আহত চারজনের অবস্থা গুরুতর। দগ্ধ বাসযাত্রীদের মধ্যে রয়েছেন দুজন ব্যাংক কর্মকর্তা। তারা হলেন রূপালী ব্যাংকের মাসুমা আকতার (২৫)ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শফিকুল ইসলাম (৩৭)। সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মৃধা (৪০),আইনজীবী খোদেজা নাসরিন (৪৩),পুলিশ কনস্টেবল নুরুন্নবী (৪৫)দগ্ধ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অহিদুর রহমান বাবু(২৫), একুশে টিভির মুক্তখবর অনুষ্ঠানের শিশু সাংবাদিক সুস্মিতা সেন (১৭) ও তার মা গীতা সেন (৪৫) আহতদের মধ্যে রয়েছেন। আহত অন্যরা হলেন- বাসচালক মো. মাহবুব হোসেন (২৭),তার সহকারী হাফিজুল ইসলাম (২২),কাঁচামাল ব্যবসায়ী আমজাদ হোসেন (৪০),শামীম (২৪), রিয়াদ (২২), নাহিদ (২২), রবিন, আব্দুর রাজ্জাক ও রাহাজুল।আহত বাকি দুজনের নাম জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন,“প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ওই বাসে একটি শক্তিশালী পেট্রোল বোমা ছোড়া হয়েছিল, যা থেকে এই আগুনের ঘটনা ঘটে।” অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে মহাসচিব ইকবাল আর্সলান হাসপাতালে যান।
তিনি সাংবাদিকদের বলেন, “দগ্ধ অবস্থায় যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অবস্থাদৃষ্টে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, যদিও দগ্ধ রোগীদের প্রাথমিকভাবে গুরুতর চিহ্নিত করা কঠিন।” বিরোধী দলের অবরোধের মধ্যে সারদেশেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, চলছে বোমা বিস্ফোরণও।




