রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাসিনা-খালেদার ফোনালাপ প্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : ফখরুল

হাসিনা-খালেদার ফোনালাপ প্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : ফখরুল

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ফোনালাপ প্রচারকে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সংলাপ চাই। কিন্তু সংলাপের নামে জনগণের কাছে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর উচিত হবে, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে দিনক্ষণ ঠিক করা।

টানা ৬০ ঘন্টার হরতালের তৃতীয় দিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, আমরা সংলাপের মাধ্যমে সমঝোতা চাই বলে এই নয় যে, আমাদের মূল দাবি থেকে সরে এসেছি।

প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার নিয়ে যে কথা বলছেন তা আসলে সর্বদলীয় নয় তা হচ্ছে ১৪দলীয় উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, এতেই বোঝা যায় সরকারের উদ্দেশ্য সংলাপের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য নয়। এটি আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রচেষ্টা। তিনি বলেন, সংলাপ হতে হবে অর্থবহ। কেবলমাত্র প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণের জন্য নয়। সেখানে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকারের বিষয়ে আলোচনা থাকতে হবে।

সংলাপের ব্যাপারে বিরোধী দলের উদ্যোগে সরকার ইতিবাচক সাড়া দেয়নি অভিযোগ করে বিএনপির মুখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সরকারের পক্ষ থেকে সময়মতো জবাব পাওয়া যায়নি। এতে প্রমাণিত হয় সংলাপে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। নির্দলীয় সরকারের বিষয় নিয়ে সংলাপের জন্য নয়, সর্বদলীয় সরকারের বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে ফোন করেছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

মির্জা আলমগীর বলেন, সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। আইন রক্ষাবাহিনী ও ক্ষমতাসীন নেতারা হামলা চালিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিকে স্তদ্ধ করে দিতে চাচ্ছে। কিন্তু তা সম্ভব নয়। দেশের সমস্ত জনগণ ইতোমধ্যে রাস্তায় নেমে গণঅভূত্থানের আন্দোলনে শরিক হয়েছে। এসময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ