রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়শেষ বিকেলে পিছিয়ে পড়ল বাংলাদেশ

শেষ বিকেলে পিছিয়ে পড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিন পার করল স্বাগতিক বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০।

বৃহস্পতিবার ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই উইকেটে ১০৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন মমিনুল। কিন্তু তাকে সঙ্গ দেয়া মার্শাল আইয়ূব ২৫ রান করে সাজ ঘরে ফিরে যান। এরপর উইকেটে আসেন সাকিব। দিনের শুরুতেই মার্শাল আইয়ুবের উইকেট হারানোর পর অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে জুটি গড়ার ইঙ্গিত দেন মমিনুল।

বেশ ভালোই এগোচ্ছিল তাদের জুটি। ৩ উইকেটে ১৭৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির পর আবার খেলা শুরু হলে ১৭৬ রানের সঙ্গে মাত্র চার রান যোগ করতেই উইলিয়ামসনের বলে ওয়াটলিংয়ের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব (৫০ বলে ১৯ রান)।

এরপর নামেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়েই টেস্ট ক্যারিয়ারে প্রথম বারের মতো ১৫০ রানের ঘরে পা রাখেন মমিনুল। কিন্তু ১৮১ রানের মাথায় কোরে এন্ডারসনের বলে এলবিডাব্লিউ হয়ে থেমে যান তিনি। মমিনুল আউট হওয়ার ঠিক পরের ওভারেই মুশফিকুর রহিম ৬৭ রান করে ব্রেকওয়েলের বলে টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

পরপর দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সোহাগ গাজীকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা কিছুটা সামলে নেন নাসির হোসেন। দুজনের পরিশিলিত ব্যাটিংয়ে আবারো একটি বড় জুটির সম্ভাবনা তৈরি করে। কিন্তু দিনের একদম শেষ ১১২তম ওভারে সদ্য টেস্ট অভিষেক হওয়া ইশ শোধির প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাসির (৪৬ রান)।  শেষ বেলায় নাসিরের উইকেট হারিয়ে ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। উইকেটে এখন আছেন সোহাগ গাজী (২৮ রান) ও রাজ্জাক (১ রান)।

আরও পড়ুন

সর্বশেষ