ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসি সিলগালা, গ্রেফতার ও জরিমানার প্রতিবাদে সারা দেশে ওষুধের দোকান বন্ধ রেখে নজিরবিহীন ধর্মঘট পালন করছে ওষুধ ব্যবসায়ীরা। ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারাদেশের ওষুধের দোকান বন্ধ থাকবে। ধর্মঘটে জরুরি ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা।
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার, জরিমানা ও ওষুধ জব্দ করার প্রতিবাদে দোকান বন্ধ করে এ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী ওষুধ ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবিগুলো হলো- শনিবার অভিযানের সময় আটক ব্যবসায়ীদের মুক্তি, জরিমানা মওকুফ এবং অভিযানের সময় সমিতির প্রতিনিধিদের সঙ্গে রাখা। পাশাপাশি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ঢাকা শাখার কমিটিকে নকল ওষুধ বিক্রির সঙ্গে জড়িত দাবি করে ওই কমিটি বিলুপ্ত করার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত ব্যবসায়ীরা।
মিটফোর্ড, বাবুবাজার, ঢাকা মেডিকেল কলেজ, শাহবাগ ও মালিবাগসহ রাজধানীর ওষুধের মার্কেটগুলো বন্ধ দেখা গেছে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ দেশের অন্যান্য এলাকায়ও ধর্মঘট পালনের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বলছেন, র্যাবের ভ্রাম্যমাণ আদালতের হাতে ক্ষুদ্র ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব ফার্মেসি বন্ধ থাকবে। ধর্মঘট শেষে সরকার কি পদক্ষেপ নেয় তা বিবেচনায় নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২৮টি ওষুধের দোকান বন্ধ করে দেয়ার পাশাপাশি এক কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় ১০৩ জন ব্যবসায়ীকে।
ওষুধ ব্যবসায়ীদের মুক্তি দাবিতে গত রোববার ও সোমবার দিনভর পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ওধুষ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে দিনভর বিক্ষোভ করেন। পরে সমিতির দাবি মেনে নিতে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন ব্যবসায়ীরা।




