আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী ড: মো: ইউনুছ আলী আকন্দ। রিটে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম ও একাদশতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ ২০১১ সালের ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রায় দিয়েছিলো যে, পর পর আরো দুইটি জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
ঐ রায়ে আপিল বিভাগের মোট সাতজন বিচারপতির মধ্যে তিনজন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মুহাম্মদ ইমান আলী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দিয়েছিলেন আর চারজন বিচারপতি এবিএম খায়রুল হক, (প্রধান বিচারপতি) বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো: মোজাম্মেল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণার মতামত দিয়েছিলেন। তবে চারজন বিচারপতিই তাদের অভিমতে বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পর পর আরো দু’বার (১০ বছর) অনুষ্ঠিত হবে ।
রিটে বিবাদী করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলীয় ক্ষমতাসীন জোট, ১৮ দলীয় বিরোধী দলীয় জোটকে।




