রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তথ্য প্রযুক্তি আইন বাতিলের দাবি বিএনপির

তথ্য প্রযুক্তি আইন বাতিলের দাবি বিএনপির

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সংশোধিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। একইসঙ্গে এ আইনটি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, তড়িঘড়ি করে আইনটি পাস করেছে সরকার। ব্যক্তি চিন্তা ও স্বাধীনতা দমন এবং বিরোধীদলকে হয়রানির হাতিয়ার হিসেবে এ আইনটি করা হয়েছে। এটি জনগণের জন্য নয। ভিন্নমত দমন করতেই এ আইন। অস‍ৎ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কয়েকবছর ধরে বিরোধীদলের ওপর যে অত্যাচার করা হয়েছে সেই নিপীড়নকে আরও একধাপ এগিয়ে নিতেই এ আইন। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী ও পাকাপোক্ত করতে এ পদক্ষেপ নিয়েছে সরকার। এটা বাকশালেরই নব সংস্করণ।

এসময় অন্যদের মধ্যে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সফু, মহিলা দলের সেক্রেটারি শিরিন সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল বারী ডেনি, বিলকিছ জাহান শেলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংশোধিত এ আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল কিছু প্রকাশ করলে, যা দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট হতে উদ্বুদ্ধ করে, অন্যের মানহানি ঘটায়, আইনশৃঙ্খলার অবনতি ঘটায়, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেয়—তা অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি সর্বোচ্চ ১৪ বছরের ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ডে এবং সর্বোচ্চ এক কোটি টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

আরও পড়ুন

সর্বশেষ