ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিশ্ব নেতারা অনেক উপহারই পেয়ে থাকেন। গত বছর মার্কিন নেতাদের মধ্যে রাষ্ট্রীয় উপহার গ্রহণের শীর্ষে ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
গত বছরে সৌদি বাদশা আবদুল্লাহ হিলারিকে প্রায় ৫ লাখ ডলার মূল্যের স্বর্ণের অংলকার উপহার দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নেকলেস, ব্রেসলেট, আংটি ও কানের দুল। হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ) নির্মিত এসব অলংকারে ডায়মন্ডের প্রলেপ রয়েছে।
এদিকে গত বছরে ওবামার সবচেয়ে মূল্যবান উপহার ছিল ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের স্বর্ণের আবরণ দেয়া ঘড়ি। সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ওবামাকে এই উপহার দিয়েছেন বলে জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খেলা প্রেমী ওবামাকে নিজের স্বাক্ষরযুক্ত লাল, সাদা ও নীল রঙের বাসকেট বল উপহার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জিন ঝিনপিং। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তার স্ত্রী সামান্থা ওবামাকে টেনিস টেবিল উপহার দেন। যার মূল্য ১ হাজার ১০০ মার্কিন ডলার।
আইরিশ প্রধানমন্ত্রী এ্যান্ডা কেনি ওবামাকে ৭ হাজার ২৪৬ ডলার মূল্যের একটি উপহার প্যাকেজ দিয়েছিলেন। এই প্যাকেজে রয়েছে আইরিশ ঐতিহ্যের সনদ, দুটি রূপার ব্রেসলেট, পশুর লোম দিয়ে তৈরি উলের স্কার্ফ ও কম্বল।
মায়ানমার প্রেসিডেন্ট থেইন সেইন মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামাকে ৪ হাজার ২০০ ডলার মূল্যের মুক্তার নেকলেস উপহার দেন। এছাড়া ওবামার দুই কন্যা মালিয়া ও শাসাকে দিয়েছেন ৪ হাজার ৪৪০ ডলার মূল্যের মুক্তা, ডায়মন্ড ও স্বর্ণ খচিত দুটি ফুলের ব্রুচার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিলারিকে ৫৬০ ডলার মূল্যের উৎকৃষ্টমানের ওয়াইন উপহার দেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনকে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী রূপার ছুরি ও চপস্টিক উপহার দেন। এছাড়া লিবিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন তাকে একটি রূপার অর্ন্তবাস উপহার দেন।
ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ওবামা ২০০৯ সালের আগেও কিছু রাষ্ট্রীয় উপহার গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস কোনির দেয়া ১ লাখ ২৪ হাজার ডলার মূল্যের চিত্রকর্ম।
পররাষ্ট্র বিভাগের প্রোটোকল দপ্তরের তথ্য অনুযায়ী, ওবামার পরিবার ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতাদের গত বছরে পাওয়া উপহার সামগ্রীর মধ্যে আরও রয়েছে পদক, তৈজসপত্র, ঘড়ি, চিত্রকর্ম ইত্যাদি। মার্কিন প্রোটোকল দপ্তর উপহার সামগ্রীর বার্ষিক তালিকা তৈরি ও প্রকাশ করে থাকে।
তবে মার্কিন আইন অনুযায়ী, এসব উপহার সামগ্রী ওবামা ও হিলারি কেউই সরাসরি পকেটে ভরতে পারবে না। এগুলো সবই চলে যাবে জাতীয় আর্কাইভ বা জনসেবা অধিদপ্তরে। তবে কেউ যদি এসব উপহার ব্যক্তিগতভাবে রাখতে চান তাহলে তাকে উপহারের সমমূল্য মার্কিন ট্রেজারিতে জমা করতে হবে।




