রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিএনপি অফিসে হামলার জন্য সরকারি এজেন্ট দায়ী : মির্জা ফখরুল

বিএনপি অফিসে হামলার জন্য সরকারি এজেন্ট দায়ী : মির্জা ফখরুল

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বিএনপি অফিসে হামলার জন্য সরকারি এজেন্টদের দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার তিনি বলেন, ‘পুলিশের সহায়তায় ছাত্রদল নামধারী সরকারি এজেন্টরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে। এই সরকার বিএনপিকে কথা বলতে দিচ্ছে না, সভা-সমাবেশ করতে দিচ্ছে না, কথা বললেই মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে, এখন তারা ছাত্রদলের বিরুদ্ধেও লেগেছে। ‘বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা দাঁড়ালে তাদের পিটিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। কোনো মিছিল-সমাবেশ করতে দেওয়া হয় না। কিন্তু সেদিন হামলার সময় পুলিশ নীবর দর্শকের ভূমিকা পালন করেছে।’ এ থেকেই বোঝা যায় এই হামলার পিছনে রয়েছে সরকারি এজেন্টরা, দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ভাষাসৈনিক আব্দুল মতিন স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার নিজের দল ছাড়া আর কাউকে রাজনীতি করতে দিতে চায় না। মুক্তিযুদ্ধের পরেরও তারা একই অবস্থা কায়েম করেছিলো। কিন্তু তা বেশিদিন টেকেনি। ‘এখনো সরকারের ভীত নরম হয়ে আসছে, তারা সংকীর্ণ হয়ে পড়েছে। এজন্যই ক্ষমতা আঁকড়ে থাকতে তারা এসব করছে। কেউ এভাবে টিকে থাকতে পারে না। তাদেরকেও একদিন জনগণের কাছে আত্মসমর্পন করতে হবে’, যোগ করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সরকার প্রশাসন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করায় জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এখন সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ দিয়ে জনগণকে নির্যাতন করছে, ভয়ভীতি দেখাচ্ছে।এনডিপি সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুর জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্বের বিরুদ্ধে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে লাগাতার বিক্ষোভ দেখায় সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। এরই জের ধরে গত রোববার (১৯ অক্টোবর) ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্ব ও পদবঞ্চিত নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়েও হামলা ও ব্যাপক ভাংচুর চালানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ