বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে ছাত্রদলের নতুন কমিটির ২২ নেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। মঙ্গলবার সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, শুধু বিএনপি কার্যালয়ের সামনে থেকে নয়, পল্টনের বিভিন্ন জায়গা থেকে ৮/১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। তবে বিএনপি কার্যালয় থেকে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুল সাত্তার পাটোয়ারীর দাবি, এখন পর্যন্ত তাদের ২২ নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে কেনো ছাত্রদল নেতাকর্মীদের আটক করা হয়েছে এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। পরিচয় পাওয়া ১০ জন হলেন- মোরশেদ আলম, আখতার হোসেন, রায়হানুল ইসলাম, রহমান রুম্মান, ইমন, মাসুদ খান, মহসিন, মনির হোসেন, ইউসুফ ও সাজেদুল।
এদিকে, আটকের ঘটনার পর কেন্দ্রীয় কার্লয়ের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, দেশে একদলীয় শাসন চলছে। কোনো কর্মসূচী না থাকা সত্ত্বেও পুলিশ একদলীয় শাসন কায়েমের জন্য নেতাকর্মীদের আটক করে নিয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে ছাত্রদলের নতুন কমিটি বাতিল চেয়ে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছিল ছাত্রদলেরই পদবঞ্চিত নেতাকর্মীরা। একইভাবে মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিতে যাচ্ছিলো নতুন কমিটির নেতাকর্মীরা।



