আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বর্তমানে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসায় সরকারে এ ভয় ভর করেছে দাবি করেন তিনি। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগণকে ধোঁকা দিয়ে, নামমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। দুনিয়ার কেউ একে গণতান্ত্রিক সরকার হিসেবে মেনে নেয়নি। এ কারণেই সরকার সন্ত্রস্ত হয়ে আছে। তিনি বলেন, ভীত হয়েই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বৈধ উপায়ে এ সরকারকে উৎখাত করা যাবে না।
নজরুল ইসলাম খান জোর দিয়ে বলেন, বিএনপি কখনো অবৈধভাবে সরকারকে উৎখাত করতে চায় না। বিএনপি নিজে কখনো অবৈধভাবে ক্ষমতায় আসেনি, যারা এসেছে তাদেরকেও স্বাগত জানায়নি। ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসারও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, সঙ্গত কারণেই এ সরকারের পতন চাই আমরা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের দ্বারা সরকার গঠিত হোক এটাই আমরা চাই। এ জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।




