ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শিরীন শারমিন সাংবাদিকদের এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।
তিনি বলেন, নারী স্পিকার হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের এই বিরল সম্মান ও গৌরব কেবল তাঁর একার নয়। এ বিজয় বাংলাদেশের সব নারীর। স্বাধীনতার চেতনায় একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে দশম জাতীয় সংসদ কাজ করে যাবে। যারা প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও প্রত্যাশা বাস্তবায়নে সংসদীয় গণতন্ত্র অর্থবহ ও বিকশিত হবে। সংসদে বিরোধী দল গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে দশম জাতীয় সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পিকারের শ্রদ্ধা নিবেদনের পর দশম জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় সাংসদ এনামুর রহমান উপস্থিত ছিলেন।




