ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগ বরাবরই একটি সাম্প্রদায়িক-সন্ত্রাসী দল। তারা সব সময় সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢোলরহাট ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল জব্বার।
তিনি বলেন, জাতীয় সংসদ এখন সার্কাস দলের প্যান্ডেলে পরিণত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, এরশাদ, রওশন এরশাদ, আনিসুল হক মাহমুদ ও সরকারের কিছু লোকজন জোকারের মতো সং সেজে ছলচাতুরি করে যাচ্ছেন।
ফখরুল বলেন, ভোটের আগে এরশাদ বলেছিলেন ভোটে গেলে জনগণ তাঁকে থুতু দেবে। আবার না গেলেও থুতু দেবে। তিনি যে ছলাকলা দেখিয়ে ভোট করলেন, দেশের মানুষ এখন তাঁকে থুতু বাবা নামে ডাকে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরও জনগণ ভোট দিতে গেল না, শতকরা পাঁচ ভাগেরও কম ভোট পড়ল। এমন একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে তারা জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোট দিতে না যাওয়ায় সরকারের লোকজন এখন জনগণের ওপর রাগ করেছে। সেই রাগেই তারা জনগণের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানি করে দেশে অশান্তি ছড়িয়ে দিয়েছে।
এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদ, আবদুল হামিদ উপস্থিত ছিলেন।




