ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর গোপীবাগ এলাকায় একই পরিবারের ছয়জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চার তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, বাড়ির মালিক লুৎফর রহমান ফারুক (৫৫), শাহিন (৩২), সোহরাব (৩২), রুবেল (৩০), মঞ্জু (৩০) এবং বাড়ির কেয়ার টেকার মনির হোসেন (৩০)। এদের মধ্যে এক ঘরে দুই জনের গলাকাটা লাশ পাওয়া গেছে। অন্য আরেকটি ঘরে পাওয়া গেছে বাকি চার জনের লাশ।
ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজধানীর গোপীবাগে অভয় দাশ লেনের একটি বাসা থেকে ছয় জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো তা জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কে বা কারা টিকাটুলির গোপীবাগের বিসমিল্লাহ মসজিদের সামনের গলির অভয়দাস লেনের একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। যারা খুন হয়েছেন তাদের মধ্যে সকলেই পুরুষ বলে জানা গেছে। স্থানীয়রা প্রাথমিকভাবে এটাকে ডাকাতির ঘটনা মনে করছেন। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। স্থানীয় সূত্র জানায়, চার তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। বাড়ির মালিক বিদেশে থাকেন। দুই তলার ফ্ল্যাটে ভাড়াটিয়ারা বসবাস করেন।
ঘটনাস্থলের পাশের বাড়ির এক মহিলার কাছ থেকে জানা গেছে, তিনি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলায় চিত্কার শুনতে পান। ওই ফ্ল্যাটটিতে একজন বৃদ্ধা ছিলেন। তিনি মনে করেছিলেন ওই বৃদ্ধা অসুস্থ হয়ে যাওয়ার কারনে চিত্কার করা হচ্ছে। কিন্তু কিছুক্ষন পরই জানতে পারেনা সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সেখানে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা নেয়া হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক র্যাব-পুলিশ ওই বাড়িটিকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে গিয়েছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া বাড়িটিতে শ’ শ’ উৎসুক মানুষ ভিড় করছে।




