ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী দিনে ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। আরও উৎপাদন করব। কেন পেরেছি? কারণ আওয়ামী লীগ লুটপাট করে না, জনগণ ও দেশের জন্য কাজ করে।’ আজ বুধবার বিকেলে বাগেরহাটের খান জাহান আলী মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর বিনা মূল্যে বই দিচ্ছি। আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। ১ জানুয়ারিতেই আপনাদের ছেলেমেয়েরা বই পাচ্ছে। বিএনপিকে ভোট দিয়ে আপনার কী পেয়েছেন? তারা বাগেরহাটকে রক্তাক্ত জনপদ করেছে। তারা বোমা মেরে আওয়ামী লীগের আটজনকে হত্যা করেছে। বিএনপি-জামায়াত মানুষকে শান্তিতে ঘুমানোর পথ বন্ধ করে দিয়েছিল। ওরা শুধু জানে মানি লন্ডারিং, ঘুষ-দুর্নীতি করতে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে ক্ষমতা ছাড়ার সময় আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ রেখে এসেছিলাম। বিএনপি-জামায়াত এসে কমিয়ে নিয়ে যায় তিন হাজার ৩০০ মেগাওয়াটে। ওই সময় কী পেল মানুষ? পেল খাম্বা। খাম্বা রাস্তায় পাড়ে পড়ে আছে। দুর্নীতি আর লুটপাট করে তারা টাকা খেয়েছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০ লাখ সোলার প্যানেল করেছে। আরও ১০ লাখ সোলার প্যানেলের কাছ চলছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানে মানুষ খুন। তারা আজ হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। কারণ তারা চোরাগোপ্তা হামলা চালায়। তারা যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে চোরাগুপ্তা হামরা করবে কেন বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি বাড়ে। বিরোধীদলের নেতার ছেলেরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই পাচার করা টাকা উদ্ধার করে দেশে ফেরত এনেছি। আমরা বঙ্গবন্ধু’র খুনিদের বিচার করেছি এবং রায় কার্যকর করেছি। এখন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় হচ্ছে। বিরোধীদলীয় নেতা ওই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের দায়িত্ব গ্রহণের পর খাদ্য ঘাটতি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছি। ১ কোটি ১৯ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছি। বিনামূল্যে ওষুধ সরবরাহসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডার ও হেফাজতে ইসলাম পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছে- তারা মসজিদে হামলা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগিতায় দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারা এই সরকারের সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে ওদের ছেড়ে দেবে।




