বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কুমিল্লা জেলার কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট কুমিল্লা ফান টাউন পার্ক মিলনায়তনে এই প্রশিক্ষণে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার প্রায় ৫০০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।
তিনি বলেন, কৃষক আমাদের প্রাণ, কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। বেসকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি।
উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের দক্ষিণে অবস্থিত পাহাড়ি জনপদ থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় জেলা পর্যন্ত দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান ‘দুরত্ব’ কমিয়ে আনার পথ খোঁজা এবং উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।




