সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিস্ফোরণ, আগুন, ভাঙচুরে চলছে ১৮ দলের হরতাল

বিস্ফোরণ, আগুন, ভাঙচুরে চলছে ১৮ দলের হরতাল

আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামপুরা: রাজধানীর রামপুরা এলাকায় ভোর ৬ টার দিকে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার সত্যতা স্বীকার করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, ভোরে টিভি ভবনের সামনে হিউম্যান হলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কারওয়ান বাজার: তেজগাঁওয়ে কারওয়ান বাজার এলাকায় মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। ভোর সাড়ে ৬ টার দিকে তারা কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে ৪-৫টি ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে তেজগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

মগবাজার: হরতালের দ্বিতীয় দিন সকালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মগবাজার নয়াটোলা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। মিছিলের নেতৃত্ব দেন মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি রাশেদুল হাসান রানা, সেক্রেটারি রেজাউল হক রিয়াজ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে শিবিরের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পুলিশ সেখান থেকে শিবির নেতাদের একটি মোটরসাইকেল আটক করে। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে।

বাড্ডা: এদিকে, বাড্ডার প্রগতি সরণির সুবাস্তু নজরভ্যালি এলাকায় ভোরে যুবদল এক ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা একটি সিএনজি ভাংচুরের চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ