বর্তমান সরকারের পতন আসন্ন উল্লেখ করে সরকার পতন না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, চট্টগ্রাম হলো আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এই চট্টগ্রামের জনগণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে। এসময় তিনি নেতা-কর্মীদের সরকার পতনের আন্দোলনে মাঠে থাকার শপথ গ্রহণের আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে নগরীর কাজির দেউড়ি মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে নগর ছাত্রদল ও যুবদল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
নোমান বলেন, সরকার গুম, হত্যা, রাহজানি, অত্যাচার নির্যাতন করেছে। এসব অন্যায়ের বিচার হবে। বেগম খালেদা জিয়া ক্ষমা করে দিলেও জনগণ তাদের ক্ষমা করবে না। ২৪ অক্টোবর এ সরকারের দিন শেষ উল্লেখ করে তিনি বলেন, ২৫ অক্টোবর থেকে দেশে জনগণের শাসন চলবে। আওয়ামী লীগের দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। সরকার পতনে নগরীর কাজির দেউড়ি স্টেডিয়ামের পাশে জনতার মঞ্চ তৈরি করা হবে বলেও জানান তিনি।
বিএনপি রাজনীতিতে সমান্তরাল মাঠ চায় উল্লেখ করে নোমান বলেন, রাজনীতির মোকাবেলা হবে রাজনীতির মাধ্যমে। সংবিধান অনুযায়ী আন্দোলন বাধাগ্রস্থ করে এমন কোন আইন আমরা মানবো না। বিএনপি সভা নেত্রীর দেয়া প্রস্তাব গ্রহণ করে আলোচনা মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, নেত্রী ফর্মুলা দিয়েছেন। তা মেনে নিন।
এদিকে সরকার পতনের আন্দোলন সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, আন্দোলন সফল করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। নোমান ভাই, নাছির ভাই বলে শ্লোগান দিলে হবে না।
সৌহাদ্যপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। ছাত্রদল যুবদলের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদলের সমস্যা কেটে গেছে। ছাত্রদলে এখনো বিরোধ রয়ে গেছে। এখন আমাদের দরকার মিলেমিশে এগিয়ে যাওয়া।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া আমরা কোন নির্বাচনে যাব না। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ যতই হুংকার দিক বিএনপিকে প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করতে প্রস্তুত।
নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এসএম সালাউদ্দিন, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সহ-সভাপতি জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




