ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আজ সোমবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। গত ১০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। বিজয়া দশমীর এদিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ বছর সারাদেশে প্রায় ২৮ হাজার পূজা মন্ডপ এবং ঢাকা মহানগরীতে ২১২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দেবী দোলায় (পালকি) আগমন করেছেন এবং গজে গমন করছেন।
সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দেশের বিভিন্ন পূজামন্ডপে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। পর বিকালে শোভাযাত্রাসহকারে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন।
বিজয়া দশমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ নেয়া কর্মসূচীর মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও বিজয়া দশমীর র্যালী রয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা বারটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৪টায় বিজয়া দশমীর শোভাযাত্রা শুরু হবে। বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও দেশবাসীর প্রতি বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।




