ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান জানান, আগামী মাসে দেশের তৃতীয় (পায়রা) সমুদ্রবন্দর নির্মাণকাজের উদ্বোধন করা হবে । গত ৭ অক্টোবর পায়রা সমুদ্রবন্দর নির্মাণ কর্তৃপক্ষ আইন-২০১৩’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘উপকুলীয় অঞ্চলে যাত্রীবাহী নৌযান বার আউলিয়া’-এর যাত্রী পরিবহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বর মাসের কোনো এক সময়ে এ বন্দরের উদ্বোধন করবেন। পাশাপাশি এমাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টারমিনালেরও উদ্বোধন করবেন তিনি।”
মন্ত্রী শাজাহান খান এমভি বার আউলিয়া সম্পর্কে বলেন, “২০০২ সালে চীনা সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় ৩৫ কোটি টাকা ব্যয়ে এটি সংগ্রহ করা হলেও ২০১১ সালে এটি নষ্ট হয়ে যায়। যা শিপ বিল্ডিং প্রতিষ্ঠান হাইস্পিড গ্রুপ মেরামত করে পূণরায় চলাচলের উপযোগী করেছে। এটি এখন থেকে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচল করবে।” তিনি আরো বলেন, এমভি বার আউলিয়া মেরামতের জন্য ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে হাতিয়ার দুরত্ব ৬৮ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে বিলাস ৭৫০ শোভন ৩৯০ এবং সুলভের জন্যে ১২৫ টাকা। ৮৫০ জন যাত্রী বহনে সক্ষম এই জাহাজের দৈর্ঘ ২০০ ফুট এবং প্রস্থ্য ৪০ ফুট।




