তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির কানা লুলা প্রার্থীও জয়ী হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে ‘জাতীয় সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার অনিবার্য’ শীর্ষক আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ এবং প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। তারা ঘরে বসে ভোট তৈরি করবে আর গৃহপালিত পশুর মতো নির্বাচন কমিশনার দেখে থাকবে। তিনি বলেন, শেখ হাসিনা ছোটখাটো পেত্নী না, একে তাড়াতে হলে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে।
জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সাইফুল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জাসাস সম্পাদক মনির খান প্রমুখ।




