রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষক সমিতির এক জরুরি সভা শেষে রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন। অন্যথায় ২২ অক্টোবর থেকে লাগাতার সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতি পালন করবে শিক্ষক সমিতি।

এই সময়ের মধ্যে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে নিতে আচার্যকে অনুরোধ করেন তারা। একই সঙ্গে যেসব দুর্বৃত্তরা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় আইনে তাদের বিচারের দাবি জানান। এছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার শহীদ মিনার থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌনমিছিল করবে শিক্ষক সমিতি।  অন্যদিকে শিক্ষা সচিব ও শিক্ষক সমিতির অনুরোধে আগামী ২২ আক্টোরব পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরাম’। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান।

এদিকে বুধবার ক্যাম্পাসে উদ্ভুত ঘটনায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এম এ মতিনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ