রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সরকার দৈনন্দিন প্রশাসনিক কাজের অংশ হিসেবেই জনপ্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে ওএসডি করে থাকে...

সরকার দৈনন্দিন প্রশাসনিক কাজের অংশ হিসেবেই জনপ্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে ওএসডি করে থাকে : সৈয়দ আশরাফ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সরকার দৈনন্দিন প্রশাসনিক কাজের অংশ হিসেবেই জনপ্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে ওএসডি করে থাকে বলে জানিয়েছেন সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) কোনো প্রথা নয়। এটি কর্মকর্তাদের পদায়নের একটি চলমান প্রক্রিয়া। সরকার দৈনন্দিন প্রশাসনিক কাজের অংশ হিসেবেই জনপ্রশাসনের কর্মকর্তাদের জনস্বার্থে ওএসডি করে থাকে। পাশাপাশি ও এস ডি কর্মকর্তাদের যথাযথ সুনির্দিষ্ট পদেও পদায়ন করা হয়।

সোমবার নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির অনুপস্থিত সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, প্রশাসনিক প্রয়োজন ছাড়াও উচ্চতর পদে পদোন্নতি প্রদানের পর, লিয়েন বা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য, সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত কারণ, দুর্নীতি মামলা রুজু হওয়ার ক্ষেত্রেও ওএসডি করা হয়ে থাকে।

জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোট পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এদের মধ্যে সচিব পর্যায়ের একজন, অতিরিক্ত সচিব পর্যায়ের দুইজন এবং যুগ্ম-সচিব পর্যায়ের দুইজন কর্মকর্তা রয়েছেন।

মো. নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফ জানান, সরকারি কর্মকমিশনে নিয়োগে দীর্ঘসূত্রিতা কমছে।

তিনি জানান, ২৭তম বিসিএস সম্পন্ন করতে সময় লেগেছিল তিন বছর দুই মাস ২৫ দিন। পর্যায়ক্রমে সময়সীমা কমিয়ে এনে ৩২তম বিসিএস এক বছর তিন মাসে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

বর্তমান কমিশন নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ফলে সরকারি চাকরিতে নিয়োগপ্রত্যাশী প্রার্থীর আবেদন বাড়ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ